সুনীলদা সুনীলদাই – সিদ্ধার্থ সিংহ
হো হো করে হেসে উঠেছিলেন সুনীলদা। বলেছিলেন, ‘শুধু বেঁচে নয়, আমি বহাল তবিয়তে আছি।’
ক’দিন আগের ঘটনা। সুনীলদা নন, মারা গেছেন অভিনেতা সুনীল মুখোপাধ্যায়। বুদ্ধদেব দাশগুপ্তর ‘গৃহযুদ্ধ’-খ্যাত সেই অভিনেতা সুনীল গঙ্গোপাধ্যায় তখন শহরের বাইরে।
তাঁর ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে ছুটে আসেন গড়িয়াহাট থানার পুলিশ। ‘সুনীল’ শব্দটা শুনেই ওরা ভেবেছিলেন, হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছেন। তাই উপর মহল থেকে নির্দেশ পেয়ে তাঁরা নাকি ছুটে এসেছিলেন খোঁজ নিতে। ধনঞ্জয়দার কাছ থেকে ফোন-মারফত সেই খবরটা শুনে সুনীলদা তাই হো হো করে হেসে উঠেছিলেন।
আমরা অনেক তরুণ কবি-লেখক, যারা রবিবার বেলা সাড়ে এগারোটা-বারোটা নাগাদ তাঁর বাড়িতে আড্ডা দিতে যেতাম, তাদের প্রশ্রয় দিতেন। আড্ডা মারতে মারতে বেলা গড়াত। মাঝে মাঝেই স্বাতী বৌদি এসে তারা লাগাতেন, অনেক বেলা হয়েছে, এ বার ওঠো। কিন্তু দেখা যেত, আমাদের ‘আর পাঁচ মিনিট’, ‘আর দশ মিনিট’-এর আবদার প্রতি রবিবারই দুপুর আড়াইটে-পৌনে তিনটে অবধি টেনে নিয়ে যেত ।
সুনীলদা প্রথমটায় একটু গাঁইগুঁই করলেও আমার নাছোড়বান্দা বায়নার কাছে শেষ পর্যন্ত তিনি পরাজিত হলেন। বললেন, ঠিক আছে, যাব। কিন্তু পঞ্চমির দিন সকালে যখন বাণীদিকে ফোন করলাম— সন্ধ্যা ছ’টা নাগাদ আপনার বাড়ি যাচ্ছি। আপনাকে তুলে ওই গাড়িতে করেই সুনীলদাকে নিয়ে আসব।
জানতাম, ওটা না-যাওয়ার বাহানা। তবু মনে মনে বললাম, সুনীলদা যে ভাবে জীবন কাটান, তাতে তো অসুস্থ হওয়ারই কথা। এই তো কিছু দিন আগে তেইশ ঘণ্টা প্লেন-জার্নি করে এসে পর দিন আমাদের সঙ্গে যখন আড্ডা দিচ্ছেন, দেখি, পা দুটো ফুলে কলাগাছের মতো হয়ে গেছে।
ক’দিন আগে গড়িয়ায় টিনার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। সুনীলদাকে দেখেছিলাম, সামান্য ক’টা সিঁড়ি ভেঙে ভেঙে দোতালায় উঠতেই তাঁর কত কষ্ট হচ্ছিল। তাই শ্রীজাত আর ওর বউ দুর্গা বলেছিল, আমাদের সেলিমপুরের নতুন ফ্ল্যাটে সুনীলদাকে মধ্যমণি করে যে গৃহপ্রবেশের অনুষ্ঠান করার কথা ভাবছি, সেখানে তো লিফট নেই। তা হলে কী হবে! তখন আমাদের মধ্যে থেকেই কে যেন বলেছিল, কোনও চিন্তা নেই। সুনীলদার কোনও কষ্ট হবে না। আমরাই সুনীলদাকে একটা চেয়ারে বসিয়ে প্রথমে শ্রীজাতর শ্বশুরের দোতলার ফ্ল্যাট নিয়ে যাব। সেখানে সুনীলদা একটু বিশ্রাম করে নেবেন। তার পরে সেই চেয়ারে করেই সুনীলদাকে তিনতলায় নিয়ে যাব।
সুনীলদাকে আমি অন্তত তিরিশ বছর ধরে চিনি। ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমির অর্থানুকূল্যে ‘শোকপ্রস্তাব’ নামে আমার যে কবিতার বইটি প্রকাশিত হয়েছিল, তার ভূমিকা লিখেছিলেন সুনীলদা। আমি যখন সানন্দা পত্রিকায় ফ্রিল্যান্স করতাম, আনন্দবাজারে আগুন লাগার আগে ওই একই করিডরে ছিল দেশ পত্রিকার দফতর। ওখান থেকে যাতায়াতের সময় সুনীলদার সঙ্গে চোখাচোখি হত। মাঝে মাঝেই কবিতা নিয়ে তাঁর ঘরে ঢুকে পড়তাম। তখন দেশ পত্রিকার কবিতা অফিশিয়ালি সুনীল বসু দেখলেও, সুনীল গঙ্গোপাধ্যায় পছন্দ করে দিলে সুনীল বসু সেগুলো ফেলে দিতে পারতেন না। তখন দেশ পত্রিকা ছিল সাপ্তাহিক। একই মাসে একাধিকবার আমার কবিতা ছেপে দিতেন সুনীলদা।
পরবর্তী কালে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার যৌথ সম্পাদনায় বিভিন্ন প্রকাশনী থেকে অজস্র সংকলন বেরিয়েছে। আমাকে নিয়ে গদ্যও লিখেছেন তিনি। মৃত্যুর এক বছর আগে এ বি পি আনন্দের রাজীব ঘোষ, য়ার একটি ইংরেজি কবিতার বই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শুধু উদ্বোধন করেই ক্ষান্ত হননি, ভূয়সী প্রশংসা করেছেন, সেই রাজীব আর তার দাদা সুবীর ঘোষ প্রতি বছরের মতো তাদের ‘জন্মদিন’ সাহিত্যপত্রের তরফ থেকে ‘কবিতা পার্বণ’ উৎসবের আয়োজন করেছিল ২০১১ সালের ১১ জানুয়ারি সন্ধে ছটায়।
সে বায় আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমার ‘দোহাই আপনার’ কবিতার বইটিকে ওরা সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কারের জন্য নির্বাচিত করেছিল। সুনীলদা সে কথা শুনে শুধু খুশিই হননি, সেই পুরস্কার আমার হাতে তুলে দেওয়ার জন্য সস্ত্রীক সুনীল গঙ্গোপাধ্যায় বহরমপুরে ছুটে গিয়েছিলেন।
বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মোহনা-র লোকঠাসা সুসজ্জিত নেতাজি সুভাস প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে সুনীলদা বলেছিলেন— ‘সিদ্ধার্থ হচ্ছে সব্যসাচী লেখক। কী লিখে না ও? ছড়া, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস সবই। ছোটদের জন্য কি লিখেছে? লোকে বলে, আমি নাকি প্রচুর লিখেছি। আমার তো মনে হয়, ও যখন আমার বয়সে এসে পৌঁছবে, তখন আমার চেয়েও ওর বইয়ের সংখ্যা অনেক বেশি হবে।’
সংখ্যার দিক থেকে হয়তো সে বছর আমার বই কোনও ভাবে একটু বেশি হয়ে গিয়েছিল। বেশ আত্মশ্লাঘাও বোধ করছিলাম। কিন্তু আমার বই ঘিরে সুনীলদার প্রশংসা এবং আমোদ দেখে বুঝেছিলাম, সূর্য যেমন কীটপতঙ্গের উপরেও আলো বর্ষাতে থেমে থাকে না, একবারও ভাবে না, কে বৃহৎ কে ক্ষুদ্র, সুনীলদাও যেন তেমনই। তাঁর স্নেহ-ভালবাসা রোদ-বৃষ্টির মতোই অক্লেশে ঝড়ে পড়ত আমাদের ওপরে। আমরা ধন্য।
সে দিন বহরমপুর সার্কিট হাউসেই রাত কাটিয়েছিলেন সুনীলদা। সকাল সকাল রওনা হয়ে যাওয়ার কথা আরেকটি জায়গায়। তাই রাজীব, সুবীর আর ওদের পত্রিকার আরও কয়েক জনের সঙ্গে সক্কালবেলায় আমিও গিয়ে হাজির হয়েছিলাম সুনীলদার ঘরে।
সুনীলদা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন। বলেছিলেন, তুমিও চলো না আমাদের সঙ্গে। কাল বিকেলের মধ্যে কলকাতায় ফিরে যাব। কিন্তু সে দিন সন্ধ্যাবেলার মধ্যে আমাকে অফিসে পৌঁছতেই হবে। টিকিটও কাটা আছে। তাই সে দিন ইচ্ছে থাকলেও সুনীলদার সফর-সঙ্গী হতে পারিনি। এখন ভাবতে গেলেই মন খারাপ হয়ে যায়। প্রতি বছর বইমেলার সময় প্রকাশিতব্য আমার বইয়ের সংখ্যা বলতে আমার নিজেরই লজ্জা করে।
মৃত্যুর দু’বছর আগে সুনীলদর জন্মদিন উপলক্ষে না, ৭ সেপ্টেম্বর নয়, তার আগের দিন ৬ সেপ্টেম্বর, রাত থেকে মধ্যরাত অবধি সুনীলদাকে নিয়ে এক আড্ডার আয়োজন করেছিল দিপ্তেন্দুদা। প্যারিস-নিবাসী আমাদের দিপ্তেন্দু চক্রবর্তী। গড়িয়াহাট মার্কেটের পাশেই, দিব্যেন্দু পালিত, শরৎ মুখোপাধ্যায, বিজয়া মুখোপাধ্যায়ের আবাস-ভূমি ‘মেঘমল্লার’-এ।
আমার যে সে বছর বইমেলায় বত্রিশটা বই বেরোচ্ছে, সেটা জানতেন কবি সুবোধ সরকার। তিনি সে দিন ওখানে সুনীলদাকে সে কথা বলতেই, সুনীলদা বলেছিলেন— বত্রিশটা! অনেক দিন আগে একবার বইমেলায় আমার সবচেয়ে বেশি বই বেরিয়েছিল একসঙ্গে তেইশটা। তাও দ্বিতীয় সংস্করণ, পুনর্মুদ্রণ-টুদ্রণ নিয়ে। আর ওর বত্রিশটা! তা হলে এ বার তো ও শুধু আমার রেকর্ডই ছাপিয়ে গেল না, ব্যাপারটাকে পুরো উল্টো করে দিল। তেইশের দুইটাকে তিনের সামনে থেকে তুলে তিনের পরে বসিয়ে দিল!
সুনীলদা এ ভাবেই কথা বলতেন। নীললোহিত বলতেন একটু অন্যরকম ভাবে। আর সনাতন পাঠক? সত্যিই তিনি চিরকালীন পাঠক। তাই কোনও বই পেলেই আগে উল্টেপাল্টে পড়ে নিতেন। কারণ, তিনি বিশ্বাস করতেন, পরে পড়ব বলে রেখে দিলে সেটা আর কোনও দিন পড়াই হবে না। পড়ে থাকবে। আর কোনও বই পড়া হয়ে গেলেই, বসার ঘরের এক দিকে টাল দিয়ে রেখে দিতেন। যাতে তাঁর বাড়িতে আসা অন্য কোনও বইপ্রেমী সেই বইগুলো নিয়ে যেতে পারেন। পড়তে পারেন।
সুনীলদা যত বড় কবি-লেখক-উপন্যাসিক, তার চেয়েও অনেক অনেক অনেক বড় মাপের মানুষ ছিলেন। তাই শুধু যোগ্য লোককেই নয়, যাঁরা তাঁর কাছে আসতেন, ঘনিষ্ঠ হয়ে উঠতেন, তাঁরা অযোগ্য হলেও শুধুমাত্র ভালবাসার খাতিরেই তিনি তাঁদের দু’হাত উজাড় করে দিতেন। কারও নাম সুপারিশ করে দিতেন স্কলারশিপের জন্য। কারও নাম অতিথি কবি ও সাহিত্যিক হিসেবে রেকমেন্ড করে দিতেন বিদেশ যাওয়ার জন্য। কারও নাম বলে দিতেন পুরস্কারের জন্য।
আর টাকা পয়সার ব্যাপারে? এ রকম উদাসীন মানুষ আমি খুব কমই দেখেছি। বিভিন্ন কারণে নানান প্রকাশনী থেকে তাঁর পাওনা টাকা বেশির ভাগ ক্ষেত্রেই চেকে নিয়ে আসতাম ঠিকই, কিন্তু অনেকেই আবার খামে করেও টাকা দিতেন। আমি যত বার সুনীলদাকে নগদে টাকা দিয়েছি, উনি কোনও দিনই গুনে দেখেননি, কত দিলাম। শুধু আমি নই, অন্য কেউ টাকা দিয়ে গেলেও, উনি কোনও দিনই দেখতেন না, কে কত দিয়ে গেল।
সে দিন ‘কিশোর জ্ঞান-বিজ্ঞান’-এর শারদীয়া সংখ্যার জন্য লেখা চাইতেই সুনীলদা বলেছিলেন, এখনও উপন্যাসটাই শেষ করতে পারিনি, কখন লিখব? তার পরেই বলেছিলেন, একটা কাজ করতে পারো। কয়েক বছর আগে ‘সন্দেশ’-এর নাম করে আমার কাছ থেকে একটা গল্প নিয়ে গিয়েছিল সুজয় বলে একটা ছেলে। সেটা সন্দেশে ছাপেওনি। আমাকে ফেরতও দিয়ে যায়নি।
আমার কাছে ওটার কোনও কপিও নেই। আমি সন্দীপকে ফোন করেছিলাম। শুনলাম, ও নাকি ওখানে লেখাটা দেয়ইনি। ওখানে আর কাজও করে না। ওই লেখাটা ওর কাছ থেকে জোগাড় করতে পারবে? কল্পবিজ্ঞানের গল্প। পেলে তোমাদের কাগজের পক্ষে ভালই হবে।
না দিনেশ দাসকে নিয়ে গোপালনগরের থিম-পুজোয় তিনি আসেননি। তাই সে দিন পূজো মণ্ডপে উদ্বোধন করা যায়নি সুনীলদা আর আমার যৌথ ভাবে সম্পাদিত প্রেমের গল্পের সংকলনটি। বইটির প্রচ্ছদ করেছিল আমার ছেলে শুভঙ্কর সিংহ। সুনীলদা ওকেও খুব ভালবাসতেন। ও আর আমি ঠিক করেছিলাম, আনুষ্ঠানিক প্রকাশ যখন হলই না, না হোক। পুজোর পরে বিজয়া করতে গিয়ে বইটা দিয়ে আসব। কিন্তু কাকে দেব! তার আগেই যে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা একেবারে অনাথ হয়ে গেলাম। আমাদের মাথার ওপর আর কোনও অভিভাবক রইল না। পায়ের নীচেও কি মাটি রইল!
ছবিতে সুনীল গঙ্গোপাধ্যায় এবং লেখক সিদ্ধার্থ সিংহ।
সুনীল গঙ্গোপাধ্যায় এবং সিদ্ধার্থ সিংহ সম্পাদিত তিনটি সংকলনের প্রচ্ছদ।
#storyandarticle
Post a Comment